এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল বলে স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ওই দুই প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল হয়েছিল। আমরা মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছি। প্রশ্ন প্রণয়নের কাজ আগের কোয়েশ্চেন মডারেটররাই করেছিলেন।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রশ্ন মডারেশন ও প্রণয়নের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি এবং এটি সাধারণত প্রায় দুই বছর আগে থেকেই শুরু হয়। তাই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ওই প্রশ্নপত্র প্রণয়ন করেনি।
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আপনি জানেন, প্রশ্ন মডারেট করতে হলে এই প্রক্রিয়া দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো প্রশ্ন তৈরি করিনি। বিগত সরকারের যে মডারেটর ছিলেন, তারাই এই প্রশ্ন করেছেন।”
তবে ভুল ধরা পড়ার পরপরই শিক্ষা মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, “আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পরীক্ষার্থীদের ফুল ক্রেডিট বা পূর্ণ নম্বর দেওয়া হবে।”
এর আগে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্নে ভুল রয়েছে—এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বিষয়টি পর্যালোচনার ঘোষণা দেয় এবং আশ্বস্ত করে, কোনো ত্রুটি প্রমাণিত হলে পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর বক্তব্যের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।