এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে আপত্তি, ব্যাখ্যা দিল বোর্ড

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের প্রশ্নপত্রে ভুল বা অসংগতি থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পর্যালোচনায় সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যে অভিযোগ উঠেছে, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানায়, পর্যালোচনায় যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে এমন ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতির মুখে না পড়েন। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।

একই সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার না করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

এর আগে, চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের কয়েকটি প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও অভিযোগ ছড়িয়ে পড়ে। অনেক পরীক্ষার্থী প্রশ্নের কাঠামো ও সঠিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি সামনে আসার পর আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাখ্যা দেওয়া হয়।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার ফলাফল প্রকাশের আগে প্রশ্নের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে কোনো শিক্ষার্থী অন্যায়ের শিকার হবেন না। বোর্ডের এই আশ্বাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।