মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চরশেরপুর ইউনিয়ন একাদশ

শেরপুর জেলা প্রতিনিধি, রাসেল  প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুলাই, ২০২৬

শেরপুরে মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত সুপার কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ধলা ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২নং চরশেরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

“কৌতূহলে মাদক নিলে, জীবন হবে অর্থহীন; পরিবারে নেমে আসবে দুর্দশা সীমাহীন। মাদক ছেড়ে মাঠে আসুন, সুন্দর জীবন গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার চান্দেরনগর কোহাকান্দা এসহাক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

১২ জুলাই বিকেলে শেরপুর সদরের চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় এবং ৫নং ধলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে হাজারো মানুষ উপস্থিত হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মাদক কারবারিদের উদ্দেশে বলেন, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে হবে, অন্যথায় ধলা ইউনিয়নে মাদকের কোনো স্থান হবে না।

শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। খেলার উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আকরামুজ্জামান রাহাত, চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এম এ রশীদ বিএসসি, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন এবং চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজাসহ অনেকে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ধলা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় চরশেরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। অনুষ্ঠানে অতিথিরা গাছের চারা রোপণের মাধ্যমে ধলা ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, শেরপুর সদরকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন বলেন, সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনসচেতনতা তৈরিতে খেলাধুলার এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী যেকোনো কার্যক্রমে পুলিশ সহযোগিতা করবে। তিনি মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, শেরপুরকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ নিয়মিতভাবে খেলাধুলা, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।