ময়মনসিংহে সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি, মতিউর রহমান প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ময়মনসিংহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবা, নগদ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের শম্ভুগঞ্জ মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—কুড়িগ্রাম জেলার রৌমারী থানার আলগা উত্তর এলাকার মো. রকিব হাসান, মো. সাকিব আল হাসান, মোছা. শান্তি খাতুন ও ফারজানা আক্তার ওরফে ফরিদা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে শম্ভুগঞ্জ মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন চারজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৩০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।