দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ত্রৈমাসিক প্রকাশনা ‘বিরোলিয়া’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার দুপুরে বিরল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে প্রকাশনাটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, বিরল থানার ওসি (তদন্ত) মো. আনিছুর রহমান সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবদার মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ ইকবাল, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর সুমঙ্গল রায়, বোর্ডহাট কলেজের প্রভাষক বিধান কুমার দত্ত, রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ভান্ডারা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা খোকন, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
জানা গেছে, বিরলে যোগদানের পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে ত্রৈমাসিক প্রকাশনা ‘বিরোলিয়া’।
ছয় পৃষ্ঠার এ প্রকাশনায় বিরল উপজেলার ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন কর্মকাণ্ডসহ মোট ১৪টি বিষয় তুলে ধরা হয়েছে। প্রকাশনাটির সম্পাদনা ও প্রকাশনার দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। ঢাকার ফকিরাপুলের হেরিটেজ প্রিন্টার্সে এর অলংকরণ ও মুদ্রণ করা হয়েছে। তথ্য সংকলনের দায়িত্ব পালন করেছেন উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. আনিছুর রহমান।
এর আগে উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা সভা, মাদক ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিটির সভা, শিশু ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।