নেত্রকোনার কলমাকান্দায় কর্মক্ষম নারী ও যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিজিএমইএ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, কর্মক্ষম নারী ও যুবদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আধুনিক ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
বক্তারা জানান, বিজিএমইএর সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণ কেন্দ্র স্থানীয় তরুণ-তরুণীদের তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এর ফলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।
সভায় অংশগ্রহণকারীরা এ উদ্যোগ গ্রহণের জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সময়োপযোগী কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা পদ্ধতি, প্রশিক্ষণের বিষয়বস্তু, প্রশিক্ষণার্থী নির্বাচন প্রক্রিয়া, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসআইসিআইপি-বিজিএমইএর চিফ কো-অর্ডিনেটর মুনির চৌধুরী, কো-অর্ডিনেটর জব প্লেসমেন্ট মো. আশফাকুর রহমান, কো-অর্ডিনেটর ফাইন্যান্স অ্যান্ড প্রকৌশল এস. কে. নাজমুল আলম (পলাশ) এবং অফিসার (অ্যাডমিন) মো. সাজেদুল কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।