আত্রাইয়ে টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন, মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি

নওগাঁ জেলা প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। পানিতে তলিয়ে গেছে পুকুর ও ফসলের মাঠ। এতে মাছ চাষি ও কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিরা সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বর্ষণে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ৮ থেকে ১০টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সেতুর সংযোগ সড়কও ধসে পড়েছে। এছাড়া নদীতীরবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায় ১০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও পানিবন্দি মানুষের সহায়তায় প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে।

আত্রাই উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, অতিবৃষ্টির পানিতে উপজেলার ৪৬টি পুকুর প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার মাছ ভেসে গেছে। অপরদিকে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টিতে উপজেলার ৮ হেক্টর আমন বীজতলা, ৫ হেক্টর আউশ ধান এবং প্রায় ৪ হেক্টর শাকসবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত পানি নেমে গেলে কিছু ফসল রক্ষা করা সম্ভব হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আত্রাই উপজেলার পাইকড়া গ্রামের আমল প্রামাণিক জানান, লিজ নেওয়া চারটি পুকুরের মধ্যে তিনটির মাছ পানিতে ভেসে গেছে। এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত চাষিদের ঘুরে দাঁড়াতে দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। পানিবন্দি পরিবারগুলোর সহায়তাও অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যচাষিদের সরকারি সহায়তার আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।