ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার ধারা উত্তর বাজার, মধ্য বাজার এবং পূর্ব গোবরাকুড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তিনজনকে সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরিফুল ইসলাম আকাশ এবং নবী হোসেনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে স্থানীয় পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদকের বিরুদ্ধে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।