হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২৬

হামে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক জানান, মামলাটি গ্রহণের মতো আইনগত উপাদান না থাকায় আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।

গত ৫ জুলাই হামে মারা যাওয়া নয় মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম আদালতে মামলার আবেদন করেন। সেদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করেন।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, গত ফেব্রুয়ারির শেষ দিকে ও মার্চের শুরুতে শরীয়তপুর সদর উপজেলার নয় মাস বয়সী সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ২২ মার্চ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাদীর অভিযোগ, হাসপাতালে চিকিৎসা ও অক্সিজেন সেবায় অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। একই সঙ্গে টিকার সরবরাহে ঘাটতি, যথাযথ স্বাস্থ্যব্যবস্থাপনার অভাব এবং সরকারি পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণে দেশে শত শত শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও আবেদনে দাবি করা হয়।

তবে আদালত এসব অভিযোগের ভিত্তিতে ফৌজদারি মামলা গ্রহণের পর্যাপ্ত আইনগত ভিত্তি পাওয়া যায়নি বলে আবেদনটি খারিজ করে দেন। উল্লেখ্য, এর আগে একই ধরনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকার আদালতে করা একাধিক মামলার আবেদনও খারিজ হয়েছিল।