লালমনিরহাটে রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি: ‘দীর্ঘস্থায়ী প্রভাব’ সৃষ্টির অঙ্গীকার

লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ে লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব লালমনিরহাট (আরআইডি-৩২৮২, বাংলাদেশ)। ‘ক্রিয়েট লাস্টিং ইমপ্যাক্ট’—দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টির অঙ্গীকারকে সামনে রেখে রোববার এই কর্মসূচির আয়োজন করা হয়।

লালমনিরহাটের ঐতিহ্যবাহী গিয়াসউদ্দীন হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের মতে, সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আশা প্রকাশ করেন, রোটারি ক্লাবের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট আরটিএন. মাজেদুল ইসলাম, ক্লাব সেক্রেটারি আরটিএন. ফারুক হোসেন স্বপন, পাস্ট প্রেসিডেন্ট ডা. কাসেম আলী, লিয়াকত আলী ভূঞা, রফিকুল ইসলাম, এন্তাজুর রহমান, মঞ্জুরুল ইসলাম ও রাজিবুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

রোটারি ক্লাব অব লালমনিরহাটের নেতারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষা এবং সমাজ উন্নয়নে এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।