জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মূল ভবনের প্রবেশ টানেলে জানাজার আয়োজন করা হয়। জানাজা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও তিনি শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও অন্যান্য হুইপ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
জানাজা শেষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সংসদ সদস্যরা তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন। পরে অধিবেশনে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, রোববার ভোরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।