বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন

চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২৬

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা। দুর্যোগের এই কঠিন সময়ে পানিবন্দি ও অসহায় মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মানবিক সংগঠন শহীদ আহমদুল হক ফাউন্ডেশন।

সংগঠনটির উদ্যোগে এওচিয়া ইউনিয়নের ৫০০-এর বেশি বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এর আগে করোনা মহামারি ও ২০২৩ সালের ভয়াবহ বন্যার সময়ও ফাউন্ডেশনটি আর্তমানবতার সেবায় এগিয়ে এসে স্থানীয় পর্যায়ে প্রশংসা অর্জন করে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শহীদ আহমদুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শহীদ আহমদুল হক চৌধুরীর বড় ভাই মাহমুদুল হক চৌধুরী এবং উপজেলা বিএনপি নেতা দিদারুল হক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

ত্রাণ বিতরণকালে মাহমুদুল হক চৌধুরী বলেন, “বন্যার খবর পাওয়ার পর থেকেই আমরা অসহায় মানুষগুলোর দুর্ভোগের কথা ভাবছিলাম। মানুষের কষ্টের সময় ঘরে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। শহীদ আহমদুল হক ফাউন্ডেশন সবসময় মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করে। আজ আমরা ১ হাজার পরিবারের জন্য খাবার সহায়তা দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বন্যায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধ ফজল করিম বলেন, “চারদিকে শুধু পানি। রান্না করার কোনো উপায় নেই। এই দুর্দিনে শুকনো ও রান্না করা খাবার পাওয়া আমাদের জন্য অনেক বড় সহায়তা। মানুষের সহযোগিতা পেয়ে আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি।”

স্থানীয় বাসিন্দা ফাতেমা খাতুন বলেন, “চুলো জ্বালানোর জায়গা নেই, ঘরে খাবারও নেই। ফাউন্ডেশনের লোকজন আমাদের হাতে খাবার তুলে দিয়েছে। তারা আমাদের অনেক উপকার করেছে।”

ত্রাণ বিতরণকালে উপজেলা বিএনপি নেতা দিদারুল হক চৌধুরীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, এওচিয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্গত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম চালিয়ে যাবেন তারা।