নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুলে মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চৌমুহনী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় খামার পাথরিয়া দলকে ১-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় নাটোরের চৌমুহনী দল।
রোববার সকাল ৯টা থেকে দিনব্যাপী কুমরুল মাঠে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলাটি পরিচালনা করেন জেলা ধারাভাষ্যকার মো. আমজাদ হোসেন রানা।
সম্প্রীতির বন্ধনে আয়োজিত এ টুর্নামেন্টে মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের ফুটবলপ্রেমী দল অংশগ্রহণ করে। মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলো—ঝলমলিয়া পুঠিয়া, চৌমুহনী নাটোর, খামার পাথরিয়া গুরুদাসপুর, মুলাডুলি কোয়াটার ঈশ্বরদী, পশ্চিমপাড়া বড়াইগ্রাম, ভাই-বোন একাদশ দিপু বড়াইগ্রাম, ভাইরা টাইটানস কুমরুল বড়াইগ্রাম ও বোদনা হাতেচাপাই।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ১ নম্বর জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম (বাবলু)।
এ সময় তিনি বলেন, “খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদক একটি পরিবার, গ্রাম ও দেশকে ধ্বংস করতে পারে। তাই যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখতে হবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর জোয়াড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মেহেদী হাসান রঞ্জু, ছাত্রদল নেতা মো. আরাফাত রহমান কিরন, বিএনপি নেতা নাজিম মোল্লা, উপজেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, শ্রী নিহার কবিরাজ, শ্রী ভূপেন্দ্রনাথ কবিরাজ, মো. আবুল হোসেন, মি. ভুতু বিশ্বাস, মো. তাইজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক দর্শক। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।