নাশকতা মামলায় গ্রেপ্তার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহিম বেপারীকে (৬৮) নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আ. রহিম বেপারী ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার ভদ্রাসন ইউনিয়নের নডু বেপারীর কান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত নডু বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে আ. রহিম বেপারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে নিজ কক্ষে বসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন। পরে দুপুর ১২টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

শিবচর থানার ওসি কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আ. রহিম বেপারীর বিরুদ্ধে নাশকতা আইনের একটি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।