জুলাই আন্দোলনের অভিযুক্তদের বিচারের দাবিতে যবিপ্রবিতে স্মারকলিপি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২৬

জুলাই আন্দোলনে বিরোধিতার অভিযোগে অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জুলাই চেতনাধারী শিক্ষার্থীরা।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীরা এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে অভিযুক্তদের বিষয়ে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, জুলাই আন্দোলনের বিরোধিতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি এবং প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়া হত্যা, খুন, গুম, আবাসিক হলে সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ফ্যাসিবাদী কার্যক্রমে সহযোগিতার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সালেক খান বলেন, জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতার অভিযোগে অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আদালতের রিটের মাধ্যমে পুনর্বহাল হওয়া শিক্ষকদের বিষয়েও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের বিরোধিতাকারীদের বিষয়ে কোনো ধরনের আপস করতে চান না তারা। অভিযোগের যথাযথ তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা স্মারকলিপি দিয়েছেন।

শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য অভিযোগের বিষয়গুলো যাচাই করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রশাসন কাজ করবে।