সাভারের আশুলিয়ায় নিজের ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম পিয়ার আলী। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার দুপুরে আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে পিয়ার আলী অভিযোগ করেন, স্থানীয় একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে তাকে এবং তার ছেলে দেলোয়ার হোসেন মিন্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতিহিংসাপ্রসূত।
স্থানীয় মেম্বার প্রার্থী জসিম হোসেন এসব অপপ্রচারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে পিয়ার আলী বলেন, “পাবনারটেক এলাকার একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার ও আমার ছেলে দেলোয়ার হোসেন মিন্টুর সম্পৃক্ততার অপপ্রচার চালানো হচ্ছে। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সঠিক তদন্তের দাবি করছি।” তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এবং নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশা করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।