ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।’ শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার তাঁকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
এ প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন, যদি দেশে ফেরার বিষয়ে সত্যিই আগ্রহ থাকে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন কী? তিনি শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে এসে আদালতে নিজের অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানান।
আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায়, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ‘আয়নাঘর’, ব্যাপক দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ এবং দীর্ঘ সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার বিষয়সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে শেখ হাসিনার বক্তব্য দেশের জনগণ ও আদালতের সামনে তুলে ধরা প্রয়োজন। এসব প্রশ্নের উত্তর ইতিহাসও খুঁজবে এবং আদালতও জানতে চাইবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তাঁর পরিবারের সদস্যদের আগেই বিদেশে পাঠিয়ে দেন। কিন্তু তাঁর সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে। তাঁদের অনেকেই এখনও বিভিন্ন মামলার মুখোমুখি কিংবা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
ফেসবুক পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর বিলম্ব না করে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়া উচিত এবং আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত। আর যদি দেশে ফেরার বাস্তব কোনো পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলাই সমীচীন।