রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার ৯৯ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অটোরিকশা, অটোমিল (গ্রাইন্ডার মেশিন) ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। কাতার চ্যারিটি (Qatar Charity) প্রতিষ্ঠানের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের (Economic Empowerment Project) আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
শনিবার (১১ জুলাই) দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে পুঠিয়া উপজেলার ৫৪ জন এবং দুর্গাপুর উপজেলার ৪৫ জন সুবিধাভোগীর মাঝে অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল বলেন, কাতার চ্যারিটির অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজ থেকে দারিদ্র্য কমাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মানুষের আত্মনির্ভরশীলতা বাড়াতে এ ধরনের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে পরিবারগুলোর আর্থিক অবস্থার উন্নতি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, কাতার চ্যারিটি বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাইর, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মদ রেজাউল করিম হক স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা জানান, জীবিকা নির্বাহের জন্য এসব উপকরণ তাদের নতুন আয়ের সুযোগ তৈরি করবে। আয়বর্ধক এ সহায়তা পেয়ে তারা কাতার চ্যারিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।