মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা প্রেসক্লাবের সার্বিক অগ্রগতি, স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপসাংবাদিকতা রোধ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে মিরপুর উপজেলা প্রেসক্লাব সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সভায় বক্তারা আরও বলেন, সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় মিরপুর উপজেলা প্রেসক্লাব আগামী দিনে আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে এবং স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাসিক সভায় সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হক। সভা পরিচালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক আশিক আলী।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য জিয়ারুল ইসলাম, আসাদুল ইসলাম মিরাজ, মোস্তাফিজুর রহমান, পিয়ারুল, জিকো ও আব্দুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মরত সাংবাদিকরা। সভায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং গণমানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।