বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা মহানগর ও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

শারমিন খাতুন: প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা মহানগর ও ঢাকা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর শাখার সভাপতি হিসেবে টি এম শওকত আলী মস্তোফা এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক মো. আলা আমিনকে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলা শাখার সভাপতি হিসেবে সাংবাদিক পিন্টু শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক জামাল উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আইন উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বাশিত ভূঁইয়া। এছাড়া ঢাকা মহানগর ও ঢাকা জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের নেতারা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সকলের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে আন্তরিকভাবে কাজ করবেন।

এ সময় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।