ফরিদপুরে বাসচাপায় নিহত ৪

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপ উদ্ধারকাজ চলাকালে যাত্রীবাহী বাসের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে একটি ডিমবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধারের কাজ শুরু করে।

এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজ দেখতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং অন্তত একটি বাসে অগ্নিসংযোগ করে।

দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।