প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে হবে ইমাম ও মসজিদ কমিটিকে

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রতারকরা ফোনকল, এসএমএস এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে। বিভিন্ন কৌশলে তারা ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, বেতন-ভাতা সম্পর্কিত তথ্যসহ নানা ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় কিংবা কোনো জেলা কার্যালয় কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। এছাড়া আর্থিক সুবিধা, সরকারি অনুদান বা বিশেষ সহায়তার প্রলোভন দেখিয়ে ওটিপি (OTP), পিন নম্বর কিংবা ব্যাংকিং-সংক্রান্ত গোপন তথ্য চাওয়া সম্পূর্ণ প্রতারণামূলক কর্মকাণ্ড।

প্রতিষ্ঠানটি দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল বা বার্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কোনো তথ্য দেওয়ার আগে অবশ্যই পরিচয় যাচাই করার পাশাপাশি ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিংয়ের পিন, ওটিপি কিংবা অন্য কোনো গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে বা কোনো আর্থিক সুবিধার আশ্বাস দিলে তা বিশ্বাস না করে সরকারি ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের মাধ্যমে বিষয়টি যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা প্রতারণার চেষ্টা লক্ষ্য করেন, তাহলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সচেতনতা বৃদ্ধি করাই এ ধরনের প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। কোনো ব্যক্তি যাচাই-বাছাই ছাড়া ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য প্রদান করলে তার দায়ভার ইসলামিক ফাউন্ডেশন বহন করবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।