দীঘিনালায় বন্যা ক্ষতিগ্রস্তদের মাজে মেডিকেল সেন্টারের,উদ্যোগে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি, জাহাঙ্গীর আলম সুজন প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক পাহাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার। মানবিক উদ্যোগের অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) দুপুর ২টায় দীঘিনালা মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, লবণ, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক, অর্থ পরিচালক মো. শাহজাহান, পরিচালক মো. মিজানুর রহমান, মো. নুরুন্নবী এবং মো. কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষ জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এবং প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানান।

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট কিংবা যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।