ঢামেক ক্যাম্পাসে হাস্যোজ্জ্বল সেলফি প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মাণাধীন দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এরপর শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে হাস্যোজ্জ্বল পরিবেশে সেলফি তুলতে দেখা যায় তাকে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন থেকে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়ন সম্পর্কিত একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ঢাকা মেডিকেল কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ৮০ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।