ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০৩

স্টাফ রিপোর্টার,রনি প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাতে জেলার মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (দক্ষিণ)-এর নির্দেশনায় পরিচালিত প্রথম অভিযানে মুক্তাগাছা থানাধীন চক লাঙ্গুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল ইসলাম মোড়ল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৭টা ২৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

অন্যদিকে, একই রাতে কোতোয়ালী মডেল থানাধীন সুতিয়াখালী বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল (২৬) ও মো. রফিকুল ইসলাম (৪৫) নামে দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। মাদক নির্মূলে পুলিশের তৎপরতা আরও জোরদার হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।