রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দুই দিনের পৃথক অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মোট ২ হাজার ৮৩৬টি মামলা করা হয়েছে। পাশাপাশি ৮৩৪টি গাড়ি ডাম্পিং এবং ৩১৭টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) ও শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ট্রাফিক-রমনা বিভাগ ৭টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে। ট্রাফিক-লালবাগ বিভাগ একই সময়ে ৬টি বাস, ১১টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে।
এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে সবচেয়ে বেশি ৮৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে রয়েছে ৫৮টি বাস, ৭৭টি ট্রাক, ৭২টি কাভার্ডভ্যান, ১৪৭টি সিএনজি ও ২৭৬টি মোটরসাইকেল।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ৬টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬টি বাস, ৯টি ট্রাক, ৩৬টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২৮১টি মোটরসাইকেলসহ মোট ৫২৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ১০টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি যানবাহনের বিরুদ্ধে এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২১টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।