আত্রাইয়ে বন্যা ও জনদুর্ভোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলায় টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি ও জনদুর্ভোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, টানা বৃষ্টিপাতের কারণে উপজেলার বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যেসব স্থানে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সভায় বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং করণীয় বিষয়ে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান এস. এম. মঞ্জুরুল আলম, এস. এম. মামুনুর রশিদ, সম্রাট হাসান এবং সাংবাদিক এ. কে. এম. কামাল উদ্দিন টগর ও মুজাহিদ খান।

বক্তারা পানিবন্দি মানুষের জন্য দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগাম পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কাজ করছে।