সাজেকে আটকে পড়া পাঁচ শতাধিক পর্যটককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিল সেনাবাহিনী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে আটকে পড়া পাঁচ শতাধিক পর্যটককে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১০ জুলাই) খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) এ কার্যক্রম সম্পন্ন করে। সেনাবাহিনীর সমন্বিত তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

সেনাবাহিনী জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সাজেক–বাঘাইহাট সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হয়। ফলে যান চলাচল ব্যাহত হয়ে সাজেকে অবস্থানরত পর্যটকরা আটকা পড়েন। বর্তমানে বেশির ভাগ এলাকার পানি নেমে গেলেও বাঘাইহাট বাজার এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। এ ছাড়া কয়েকটি স্থানে পাহাড়ধসের ঝুঁকি থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় সাজেকে অবস্থানরত প্রায় পাঁচ শতাধিক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। গত ৮ জুলাই থেকে আটকে পড়া পর্যটকদের বিভিন্ন রিসোর্টে বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাদের খাবারসহ প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করা হয়।

এর আগে ৯ জুলাই প্রথম ধাপে দেড় শতাধিক পর্যটককে নিরাপদে গন্তব্যে পাঠানো হয়। পরে শুক্রবার দ্বিতীয় ধাপে অবশিষ্ট চার শতাধিক পর্যটককে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

গন্তব্যের উদ্দেশে রওনা হওয়ার সময় কয়েকজন পর্যটক সেনাবাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনীর সার্বক্ষণিক তদারকি ও সহযোগিতার কারণে তারা নিরাপদে ফিরে যেতে পেরেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং মানবিক সহায়তা প্রদানেও তারা দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।