শ্যামনগরে মসজিদের পুকুর দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি বাইতুল মামুর জামে মসজিদের রেকর্ডভুক্ত ভোগদখলীয় পুকুর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদ কমিটি ও মুসল্লিদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর নাগবাটি বাইতুল মামুর জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মসজিদ কমিটির সদস্য, স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মসজিদের নামে রেকর্ডভুক্ত ১০৮ দাগের ১৬ শতক জমি দলিলের মাধ্যমে মসজিদের সম্পত্তি হিসেবে স্বীকৃত এবং দীর্ঘদিন ধরে মসজিদ কমিটি এটি ভোগদখল করে আসছে। মসজিদের উন্নয়নমূলক কাজে পুকুরটি ব্যবহার করা হয় বলেও তারা জানান।

বক্তাদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় মোহাম্মদ আলী গাজী ও তার ছেলে পুলিশ সদস্য মেহেদী হাসানসহ কয়েকজন ব্যক্তি পুকুরটি দখলের জন্য হুমকি-ধামকি ও বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করছেন। এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানানো হয়।

মানববন্ধনে মসজিদ কমিটির সহসভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, জমিদাতা মো. সামছুর রহমান মফু, স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ আব্দুল জব্বারসহ একাধিক মুসল্লি বক্তব্য দেন। বক্তারা বলেন, মসজিদের সম্পত্তি রক্ষায় তারা শান্তিপূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান চান। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্যও পাওয়া যায়নি। মসজিদ কমিটি ও মুসল্লিরা জানিয়েছেন, পুকুর ও মসজিদের সম্পত্তি রক্ষায় তারা আইনগত প্রক্রিয়ার মধ্যেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।