মানিকগঞ্জে আইনজীবীর বাড়ি থেকে ৭ কেজির গাঁজা গাছ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, মোঃ আজহার হোসেন। প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির পেছন থেকে প্রায় সাত কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির মালিক আইনজীবী তৌহিদুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে দেহব্যবসার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পোড়রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেপ্তার তৌহিদুর রহমান বাবু ওই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, এক নারীকে নিজের বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ ওঠে তৌহিদুর রহমান বাবুর বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ওই নারীর স্বামী পুলিশকে খবর দেন। অভিযোগ রয়েছে, স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওই নারীর স্বামীকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন তৌহিদুর রহমান বাবু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদুর রহমান বাবু বাড়ির পেছনের জমিতে গাঁজার গাছ রোপণের কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছন থেকে প্রায় সাত কেজি ওজনের একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজা গাছটি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন গণমাধ্যমকে বলেন, গাঁজা গাছ উদ্ধার হওয়ার ঘটনায় এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত পরীক্ষা, ঘটনার বিস্তারিত তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।