ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টারের ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের এমএসসি শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির শিক্ষার্থী অভিনন্দন পাল সীমান্ত।
শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এএসএম স্টুডেন্ট চ্যাপ্টারের সম্মানিত কান্ট্রি অ্যাম্বাসেডর ও ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. মিন্নাতুল করিম আকন্দের তত্ত্বাবধানে গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসান বলেন, এএসএম স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। এর আগে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে চ্যাপ্টারকে আরও সক্রিয়, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অভিনন্দন পাল সীমান্ত বলেন, সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নে তিনি দায়িত্ব পালন করবেন। গবেষণা, দক্ষতা উন্নয়ন ও বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. মিন্নাতুল করিম আকন্দ বলেন, এএসএমের লক্ষ্য হলো গবেষণা, শিক্ষা, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং সমাজে বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধি করা। আগামী দিনে সেমিনার, কর্মশালা, গবেষণা প্রশিক্ষণ, বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ও জাতীয়-আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
নতুন কমিটি আগামী এক বছর বিভিন্ন বৈজ্ঞানিক, গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করাই হবে কমিটির অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি বিশ্বের অন্যতম শীর্ষ বৈজ্ঞানিক সংগঠন, যা মাইক্রোবায়োলজি গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।