১৬ আগস্ট কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার একটি হ্যাচারি থেকে জাতীয় মৎস্য দিবসের উদ্বোধন করবেন।

এ সময় প্রধানমন্ত্রী মৎস্য খাতে বিশেষ অবদান রাখা দেশের সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

বুধবার (৮ জুলাই) রাতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান কটিয়াদীর আচমিতা এলাকার একটি হ্যাচারিতে আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে দিবসটির উদ্বোধন করবেন এবং মৎস্য খাতে অবদান রাখা নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করবেন।

সংসদ সদস্য আরও জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে প্রধানমন্ত্রীর কটিয়াদী সফরের খবরে কিশোরগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফর সফল করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছেন।