ত্রয়োদশ জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’র (পিএসি) সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করা হয়।
নবগঠিত সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতির পাশাপাশি প্রধান বিরোধী দল বিএনপির ১২ জন এবং জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্য সদস্য হিসেবে রয়েছেন।
কমিটিতে বিএনপির মনোনীত সদস্যরা হলেন— ঢাকা-২ আসনের আমানউল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, ভোলা-২ আসনের মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন খোকন, চাঁদপুর-২ আসনের মোহাম্মদ জালালউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের মো. মাহবুবুর রহমান, খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারী হেলাল, দিনাজপুর-১ আসনের মোহাম্মদ মনজুরুল ইসলাম, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা এবং ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কমিটিতে রয়েছেন ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সংসদীয় ব্যবস্থায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি (পিএসি) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি। সরকারি অর্থের ব্যবহার, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক অনিয়মের বিষয় পর্যালোচনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করাই এ কমিটির প্রধান দায়িত্ব।
বাজেট অনুমোদনের পর সরকারি অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, নিরীক্ষায় উঠে আসা আপত্তির বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে থাকে এই কমিটি।