সাতক্ষীরার শ্যামনগরে গৃহস্থালি পুকুরে মাছ চাষে উৎসাহ বৃদ্ধি ও উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাদ্য ও চারা বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের আওতাধীন “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর অধীনে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাতজন প্রদর্শনী চাষীর হাতে মাছের খাদ্য তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম মো. সোলায়মান কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রহমান, জামায়াত নেতা শহিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছামিউল ইমাম আযম মনির, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, গ্রামীণ পর্যায়ে মাছ চাষ সম্প্রসারণ, চাষিদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি স্থানীয় মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধিতেও সহায়ক হবে।
শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও গৃহস্থালি পর্যায়ের মৎস্য চাষিদের আরও উৎসাহিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।