রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন নেতৃত্বে আসাদুল হাবিব দুলু: উন্নত সেবার প্রত্যাশা

লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

গত ৩০ জুন ২০২৬ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব ইফফাত জাহান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং চিকিৎসাসেবার মান উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের লাখো মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল। রোগীদের দুর্ভোগ কমানো এবং উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। হাসপাতালের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সেবার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করা হবে। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আসাদুল হাবিব দুলুর নতুন দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, তার নেতৃত্বে হাসপাতালের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়নে নতুন গতি আসতে পারে।

সংশ্লিষ্টদের ধারণা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় এই পরিবর্তন উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং রোগীবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।