বিষাক্ত পোকার কামড়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা রাজেশ শর্মা। মঙ্গলবার (৭ জুলাই) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন তিনি। কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজেশ শর্মার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তারা রাজি হয়নি।

অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে নিয়মিত হাসপাতালে যাচ্ছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সম্প্রতি অগ্নিদেবের ‘চোর’ সিনেমায় অভিনয় করেছিলেন রাজেশ। সেই সূত্রে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।

সুদীপা অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। তার রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে এবং অক্সিজেনের মাত্রাও কমে যাচ্ছে। কয়েকটি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী অবস্থা সম্পর্কে জানা যাবে।

জানা গেছে, দক্ষিণী সুপারস্টার প্রভাসের একটি সিনেমার শুটিংয়ের জন্য হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে অবস্থান করছিলেন রাজেশ শর্মা। জঙ্গলের ভেতরের একটি লোকেশনে শুটিং চলাকালে বিরতির সময় টেকনিশিয়ানদের সঙ্গে চা পান করতে যান তিনি।

ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় থাকার বিষয়ে সতর্ক করা হলেও বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি। পরে জঙ্গলের মধ্যেই একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড় দেয়। এরপর দ্রুত তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। বর্তমানে তার জ্বর ওঠানামা করছে বলে জানা গেছে।

ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসক ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। তার বৃদ্ধা মা বর্তমানে হাসপাতালে ছেলের পাশে রয়েছেন।