বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার-২০২৬’ পেয়েছেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান। পাঁচটি পৃথক ক্যাটাগরিতে একজন গবেষক, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, দুটি প্রতিষ্ঠান এবং বন অধিদপ্তরের একটি বিশেষ ইউনিটকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের উদ্যোগে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’, ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬’ এবং ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’ বিজয়ীদের নাম ঘোষণা ও সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বন্যপ্রাণী সংরক্ষণে ব্যক্তি পর্যায়ে ‘ক’ ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছেন জনপ্রিয় বন্যপ্রাণী আলোকচিত্রী ও প্রাণিপ্রেমী ফয়সাল বীন আজাদ (আদনান আজাদ)। প্রাতিষ্ঠানিক পর্যায়ে একই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)।
বন্যপ্রাণী বিষয়ে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ব্যক্তি পর্যায়ে পুরস্কার পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সাজেদা বেগম। একই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পুরস্কৃত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।
এ ছাড়া বন্যপ্রাণী অপরাধ দমন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিট পর্যায়ে পুরস্কার পেয়েছে বন অধিদপ্তরের ‘বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)’।
সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে উৎসাহিত করতেই সরকার প্রতিবছর এ ধরনের সম্মাননা প্রদান করে থাকে।