প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি স্মরণ করেন উভয় পক্ষ। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন পর্যায়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর এবং এ খাতে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি প্রচলিত সামরিক সহযোগিতার বাইরে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হয়।
এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তারা। একই সঙ্গে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।
প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।