কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘের মতবিনিময় সভা

কালিহাতী প্রতিনিধি, বুলবুল হোসেন প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়ায় কেন্দ্রীয় সাধু সংঘের উদ্যোগে সাধু ফল সেবা দিবস-২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানবসেবা, সামাজিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরি মোহন পাল এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সাধু পরিষদের সভাপতি সাধু আসাদুজ্জামান আসাদ।

কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক শাহ আলমের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল হক নাছির সংগঠনের বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সাধু সংঘ একটি মাদকমুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন সংগঠন। সমাজে সম্প্রীতি, সেবার মনোভাব এবং মানবিক চেতনা বিকাশে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজ্জামেল হক হিরো বলেন, মানুষের সেবাই সর্বোচ্চ ইবাদত। কেন্দ্রীয় সাধু সংঘ অসাম্প্রদায়িক চেতনা, মানবসেবা ও সামাজিক সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা অনুকরণীয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিনের ছোট ভাই আখতারুজ্জামান বাবুল, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদসহ যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া কেন্দ্রীয় সাধু সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, সাধু পরিষদের সাধারণ সম্পাদক বাবু দুলাল মাস্টার, টাঙ্গাইল বাউল শিল্পী সমিতির সভাপতি ও বিশিষ্ট বাউল শিল্পী সুনীল সরকার, সাধু শ্রীদাম গোঁসাই, গোবিন্দ গোঁসাই, বিজন ভট্টাচার্য, কেন্দ্রীয় সাধু পরিষদের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ সভায় অংশ নেন।

মতবিনিময় সভার শেষে কেন্দ্রীয় সাধু সংঘের ফল সেবা কর্মসূচি এবং অন্যান্য মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।