ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার একটি ব্যাংকে হঠাৎ খালি গায়ে ঢুকে নিজেকে “এই দেশের সিও (প্রধান কর্মকর্তা)” পরিচয় দিয়ে ম্যানেজারের চেয়ারে বসে নানা অসংলগ্ন কথা বলতে থাকেন এক যুবক। এ ঘটনায় ব্যাংকজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চৌরঙ্গী বাজার শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলাকালে ইয়াসিন আলী নামে এক যুবক আকস্মিকভাবে শার্টবিহীন অবস্থায় ব্যাংকে প্রবেশ করেন। তিনি সরাসরি শাখা ব্যবস্থাপকের কক্ষে গিয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে “দেশের সিও” দাবি করতে থাকেন। এ সময় তিনি উচ্চস্বরে বলেন, ব্যাংকে তার কোটি কোটি টাকা জমা রয়েছে এবং সেই টাকা দিয়ে তিনি বাড়ি নির্মাণ করবেন ও নতুন মোটরসাইকেল কিনবেন।
ব্যাংকের নিরাপত্তারক্ষী ও কর্মকর্তারা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি কোনো কথা শোনেননি। বরং আরও অসংলগ্ন আচরণ করতে থাকেন। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে।
খবর পেয়ে হরিপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রথমে পুলিশ সদস্যদের সামনেও ইয়াসিন একই ধরনের আচরণ করতে থাকেন। পরে বিশেষ কৌশলে তাকে নিয়ন্ত্রণে এনে হেফাজতে নেওয়া হয়।
ব্যাংকের সেকেন্ড কর্মকর্তা বিপ্লবী রানী রায় বলেন, “ইয়াসিনকে এলাকার সবাই চেনে এবং ভয় পায়। এর আগেও তার বিরুদ্ধে একজনের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি প্রায়ই মানুষকে আক্রমণাত্মক আচরণ করেন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ। ব্যাংকের নিরাপত্তার স্বার্থে আমরা ৯৯৯-এ ফোন করি।”
হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ইয়াসিনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যুবকটি মাদকাসক্ত নাকি মানসিকভাবে অসুস্থ— বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।