সরাইলে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

সরাইল ক্রাইম রিপোর্টার, ফয়জুল কবির প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় একটি বিদ্যুতের খুঁটি দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে হেলে থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। যেকোনো সময় খুঁটিটি পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বুধবার (৮ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, পূর্ব কুট্টাপাড়া জামে মসজিদের সামনের সড়কের পাশে স্থাপিত বিদ্যুতের খুঁটিটি একদিকে হেলে রয়েছে। খুঁটির সঙ্গে থাকা বৈদ্যুতিক তারগুলোও টানটান অবস্থায় রয়েছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৫ দিন ধরে খুঁটিটি এ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে আশপাশের পাঁচটি পরিবার, মসজিদে আসা মুসল্লি, পথচারী এবং যানবাহন চলাচলকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা মিজান মিয়া, আসাদ মিয়া, তুহিন মিয়া ও মামুন মিয়া বলেন, ঝড়-বৃষ্টি বা দমকা বাতাসের সময় হেলে থাকা খুঁটিটি পড়ে যাওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী দ্রুত খুঁটিটি মেরামত অথবা নতুন খুঁটি স্থাপনের দাবি জানিয়েছেন। তাদের মতে, বিষয়টি অবহেলা না করে বিদ্যুৎ বিভাগের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সাইট ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম বলেন, “আপনারা একটি আবেদন দিন। আমি বিষয়টি স্যারকে জানাচ্ছি। এরপর কী করা যায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।” পিডিবির সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, “বৃষ্টি থামলে বিষয়টি আমরা দেখছি।”