শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ

সুনামগঞ্জ ক্রাইম রিপোর্টার,রুয়েব আহমেদ  প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষাবাদ বিষয়ে কৃষকদের দিনব্যাপী সতেজিকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ দক্ষিণ হাটিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের উদ্যোগে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপানের সহযোগিতায় হাওরে পরিচালিত DR-CCAA প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে কৃষকদের নতুন জাতের উচ্চ ফলনশীল আমন ধানের চাষ পদ্ধতি, আধুনিক প্রযুক্তি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন এসেড হবিগঞ্জের প্রজেক্ট অফিসার এ এইচ এম আনিসুজ্জামান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক। এর আগে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন DR-CCAA প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন DR-CCAA প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জাকারিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব, পূর্ব পাগলা ইউনিয়নের জামিল হক, পশ্চিম পাগলা ইউনিয়নের দিপলু সূত্রধরসহ গনিগঞ্জ ও পাথারিয়া গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক প্রশিক্ষণার্থী।

প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও টেকসই আমন চাষে সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।