কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। নিহতদের সবাই শিশু এবং তারা রোহিঙ্গা শিক্ষার্থী বলে জানা গেছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে অবস্থিত একটি মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে ক্লাস চলছিল।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান জানান, পাহাড়ধসের পর ঘটনাস্থল থেকেই চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া আরও চার শিশুর মৃত্যু হয়।
এ ঘটনায় জীবিত উদ্ধার করা পাঁচ শিশুকে ক্যাম্প-৩ এর জিকে হাসপাতাল, ক্যাম্প-৫ এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প-৬ এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করা হয়। স্বেচ্ছাসেবক, এপিবিএন পুলিশ সদস্য এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজন উদ্ধার কাজে অংশ নেন। পরে উদ্ধার অভিযান শেষ করা হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে হঠাৎ করে মাদরাসার পাশে পাহাড়ের মাটি ধসে পড়লে শিক্ষার্থীরা মাটির নিচে চাপা পড়ে। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করেন।
এদিকে টানা ভারী বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরও পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। নিরাপদ থাকতে সতর্ক অবস্থানে রয়েছে ক্যাম্পের বাসিন্দারা।