“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মিয়ারহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মিয়ারহাট শাখার উদ্যোগে গ্রাহক সেবার মাস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ জুলাই থেকে শুরু হওয়া গ্রাহক সেবা মাস চলবে আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত।
গ্রাহক সেবা মাস উদযাপনের অংশ হিসেবে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় বিশেষ গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মিয়ারহাট শাখায় এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান মো. সারোয়ার হোসাইন। সভায় সভাপতিত্ব করেন মিয়ারহাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জোনাল আইটি অফিসার জুয়েল রেজা।
প্রধান অতিথির বক্তব্যে মো. সারোয়ার হোসাইন বলেন, গ্রাহকদের অংশগ্রহণ ছাড়া ইসলামী ব্যাংকিং কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে গ্রাহকদের আস্থা রাখার আহ্বান জানাই। ব্যাংকের বর্তমান কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং গ্রাহকরা নিশ্চিন্তে লেনদেন চালিয়ে যেতে পারেন।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক বিশ্বের বিপুল সংখ্যক ব্যাংকের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ভালো অবস্থান ধরে রেখেছে। গ্রাহকদের সহযোগিতা ও আস্থা ব্যাংকের অগ্রযাত্রার অন্যতম শক্তি উল্লেখ করে তিনি সবাইকে ব্যাংকের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তারা ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর ও কল্যাণমুখী ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।