“সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে”—এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো সংকট ও মানবিক প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকায় সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী।
গ্রীষ্মকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ৪০৩ ব্যাটেল গ্রুপের অধীন ৯৯ স্বতন্ত্র ডিভিশন সাপোর্ট কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (৮ জুলাই ২০২৬) উপজেলার মেনজেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে সেনাবাহিনীর মেডিকেল টিমের অভিজ্ঞ চিকিৎসক, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন। তারা স্থানীয় রোগীদের প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।
আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে মেনজেনা এলাকার প্রায় ১৩০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয়দের স্বাস্থ্যসেবায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।
বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রম সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ জুলাই ২০২৬ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার ও বিএনসিসির সদস্যরাও অংশগ্রহণ করছেন।
সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীর এ ধরনের চিকিৎসা কার্যক্রম শুধু স্বাস্থ্যসেবা প্রদান নয়, বরং সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।