প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুলাই, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটেও প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হলো। এ দায়িত্বে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদার পাশাপাশি নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার, সুশাসন ও আন্তর্জাতিক আইন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আইরিন খান। দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে তার দক্ষতা বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের ভূমিকা ও অবস্থান আরও কার্যকর করতে সহায়ক হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।