পঞ্চগড়ে নজরুল বর্ষ উপলক্ষে ধর্মীয় অসাম্প্রদায়িকতা সেমিনার পালিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুলাই, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শনকে তুলে ধরে পঞ্চগড়ে ‘নজরুল ও অসাম্প্রদায়িক চেতনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকার নাইন কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ও আইনজীবী রিনা পারভীনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় ভূমিজ নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সরকার হায়দার। এছাড়া সরকারি কলেজের অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনদর্শনে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার অনন্য দৃষ্টান্ত রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদান চিরস্মরণীয়।

তারা বলেন, নজরুলের আদর্শ অনুসরণ করে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তার লেখনীতে স্বাধীনতা, গণতন্ত্র, মানবতা ও ন্যায়বিচারের যে বার্তা রয়েছে, তা আজও সমাজের জন্য গুরুত্বপূর্ণ।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, নজরুলের কবিতায় যেমন মুসলিম ঐতিহ্যের প্রতিফলন রয়েছে, তেমনি রয়েছে হিন্দু সংস্কৃতির বিভিন্ন উপাদান। তবে তার সব সৃষ্টির মূল ভিত্তি ছিল সাম্যবাদী চিন্তা ও মানবতাবোধ।

তিনি বলেন, জাতি, শ্রেণি ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে নজরুলের অবস্থান ছিল সবসময় দৃঢ়। তার সাহিত্য অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়।

বক্তারা আরও বলেন, দরিদ্র পরিবারে জন্ম নিয়েও কাজী নজরুল ইসলাম অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন প্রতিবাদী ছিলেন। তার আদর্শ নতুন প্রজন্মকে মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে পথ দেখাবে।