নতুন ভিসানীতি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুলাই, ২০২৬

দেশের নতুন ভিসানীতির খসড়া পর্যালোচনা, সংশোধন ও চূড়ান্ত করার লক্ষ্যে আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটি খসড়া চূড়ান্ত করার পর তা আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।

‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পরিমার্জনের জন্য মঙ্গলবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থমন্ত্রীকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।

প্রজ্ঞাপন অনুযায়ী, গঠিত কমিটি ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধন শেষে চূড়ান্ত করবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সচিবিক সহায়তা প্রদান করবে।

চূড়ান্ত করা খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া উপস্থাপন করা হয়। ওই বৈঠকে খসড়াটি আরও পর্যালোচনা ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।