ধলেশ্বরীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুলাই, ২০২৬

মানিকগঞ্জ সদর উপজেলার ডাকুলী পূর্বপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর সামিউল ইসলাম (১৫)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বন্ধুদের সঙ্গে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে সামিউল। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মানিকগঞ্জের কর্মকর্তা মো. আব্দুল হামিদ জানান, ডুবুরি দলের সদস্যরা মোহাম্মদ আদম আলীর নেতৃত্বে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালান। পরে রাত প্রায় ১০টার দিকে ধলেশ্বরী নদী থেকে সামিউলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামিউল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার ডাকুলী গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) উদ্ধারের পর মরদেহটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কিশোর সামিউলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।