দিনাজপুরে জবরদখল ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌মিত্র   প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুলাই, ২০২৬

জবরদখল, লুটপাট, সশস্ত্র হামলা এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পেশিশক্তির অপব্যবহার বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৮ জুলাই ২০২৬) দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় পার্টি সেন্টারের পাশের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বস্তরের সচেতন মানুষ, স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা যৌথভাবে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আদালতে বিচারাধীন থাকা একটি সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠান (পার্টি সেন্টার) লক্ষ্য করে সশস্ত্র হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। পাশাপাশি ভুক্তভোগীদের হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

কর্মসূচি থেকে হামলাকারী, ভাঙচুরকারী ও জবরদখলকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে অভিযোগ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এছাড়া ভুক্তভোগী পরিবার এবং মামলার সাক্ষীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে পার্টি সেন্টারের পরিচালক সৈয়দ আলমামুন ইসলাম রনি বলেন, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় জোরপূর্বক সম্পত্তি দখল এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।